
গাজীপুরের কন্যার আন্তর্জাতিক সাফল্য-২৭ জুলাই স্কটল্যান্ডের ফোর্থ ভ্যালি রয়্যাল হাসপাতালে যোগদান
মোঃ জয়, গাজীপুরঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাদগাতী গ্রামের কৃতি সন্তান তাজরা সাবের যুক্তরাজ্যের বিশ্বখ্যাত গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে (এমবিবিএস) সফলভাবে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি স্কটল্যান্ডের ফোর্থ ভ্যালি রয়্যাল হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
আগামী ২৭ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগ দেবেন।
তাজরা সাবের ভাদগাতী গ্রামের আইয়ুব সাবের টিপু ও বাকিয়া চৌধুরী লতার একমাত্র কন্যা। তাঁর এই অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
শৈশব থেকেই মেধাবী ও পরিশ্রমী তাজরা উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং একাগ্রতার মাধ্যমে চিকিৎসাশাস্ত্রে সাফল্যের সঙ্গে ডিগ্রি অর্জন করে তিনি দেশ ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছেন।
স্কটল্যান্ডের লারবার্ট শহরে অবস্থিত ফোর্থ ভ্যালি রয়্যাল হাসপাতাল এনএইচএস ফোর্থ ভ্যালির অধীনে পরিচালিত একটি আধুনিক চিকিৎসাকেন্দ্র।
হাসপাতালটি স্টার্লিংসহ আশপাশের প্রায় তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করে এবং স্কটল্যান্ডের অন্যতম আধুনিক হাসপাতাল হিসেবে পরিচিত।
মুঠোফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাজরা সাবের বলেন, “চিকিৎসা পেশার মাধ্যমে মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। সময় ও সুযোগ পেলে নিজ এলাকা গাজীপুরের কালীগঞ্জের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চাই। পাশাপাশি দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই।”
তাঁর এই বক্তব্যে দেশের প্রতি দায়বদ্ধতা ও নিজ শিকড়ের প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন ফুটে উঠেছে।
তাজরা সাবেরের এই অসাধারণ অর্জনে এলাকাবাসী তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। পরিবারের পক্ষ থেকেও তাঁর জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।