
মনোহরগঞ্জে সড়কের বেহাল
দশায় জন দুর্ভোগ চরমে
মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
মনোহরগঞ্জ উপজেলার ৮ নং খিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাতিয়ামুড়ি হাজী শহিদ উল্লাহর বাড়ি থেকে হাতিয়ামুড়ি উত্তরপাড়া হয়ে মেল্লা উচ্চবিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার ও পাকাকরণের অপেক্ষায় রয়েছে।
সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন চরম ভোগান্তির মুখে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ইট-খোয়া উঠে গিয়ে কাদামাটিতে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শুকনো মৌসুমে ধুলাবালুর কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়।
এই সড়কের পাশেই রয়েছে হাফিজিয়া নূরানী মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিমখানা এবং মেল্লা উচ্চবিদ্যালয়।
প্রতিদিন শত শত শিক্ষার্থী ও শিক্ষক এই পথ ব্যবহার করেন। স্থানীয়দের দাবি, বর্ষাকালে শিক্ষার্থীদের অনেকেই কাদার কারণে স্কুলে যেতে হিমশিম খান। রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া এবং জরুরি প্রয়োজনে চলাচলেও নিয়মিত সমস্যার সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি পাকাকরণের জন্য আগে টেন্ডার হওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত কাজ বাস্তবায়িত হয়নি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন করে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ফলে বছরের পর বছর ধরে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
এই সড়কটি শুধু একটি গ্রামের নয় আশপাশের কয়েকটি গ্রামের মানুষেরও গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম।
তাই দ্রুত সড়কটি পাকাকরণ হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে স্থানীয়রা মনে করেন।
সড়কের বর্তমান অবস্থা দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সংস্কারের অভাবের ইঙ্গিত দেয়।
তবে সড়কটি কেন এখনো পাকাকরণ হয়নি, টেন্ডারের অগ্রগতি কী এবং ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
স্থানীয়দের একটাই দাবি দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ ও কার্যকর উদ্যোগের মাধ্যমে সড়কটি পাকাকরণ করা হোক। এতে প্রতিদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে হাজারো মানুষ। সড়কটির উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন হবে এটাই জনগণের প্রত্যাশা।