
চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু !
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে গরুর ঘাস পরিস্কার করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ তারেক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার উজিরপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের প্রতিবেশী মোহাম্মদ আবদুল মহিন।
নিহত তারেক পূর্ব কাশিপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ লিটন মিয়ার বড় ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ তারেক মৃগী রোগে আক্রান্ত ছিলেন। প্রতিদিনের মতো শনিবার দুপুরেও তিনি মাঠ থেকে গরুর ঘাস কেটে নিয়ে আসেন। এরপর বাড়ির পাশের একটি পুকুরে সেই ঘাস পরিস্কার জন্য পানিতে নামেন।
ধারণা করা হচ্ছে, ঘাস ধোয়ার একপর্যায়ে হঠাৎ মৃগী রোগের খিঁচুনি উঠলে তিনি পানিতে তলিয়ে যান। এর কিছুক্ষণ পর আশপাশের লোকজন পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন।
প্রতিবেশী মোহাম্মদ আবদুল মহিন জানান, “প্রতিদিনের মতোই সে দুপুরে পুকুরে ঘাস ধুতে নেমেছিল। কিন্তু মৃগী রোগের কারণে হয়তো নিজেকে সামলাতে পারেনি। কিছুক্ষণ পরই আমরা তাকে পানিতে মৃত অবস্থায় উদ্ধার করি।”
শনিবার বাদ আসর পূর্ব কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।