
কুষ্টিয়ায় কোমরে বালির বস্তা
বাঁধা বৃদ্ধার মরদেহ উদ্ধার
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার কোমরে বালির বস্তা বাঁধা অবস্থায় উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়রা খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে স্বজনরা মরদেহটি হাসনা খাতুনের বলে শনাক্ত করেন। নিহত হাসনা খাতুন মিরপুর উপজেলার বহলবাড়ী ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১২টার দিকে ছেলে হাসান আলীর সঙ্গে হাসনা খাতুনের সর্বশেষ কথা হয়। এরপর তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।
পরদিন মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে বৃহস্পতিবার মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।
স্বজনদের অভিযোগ, হাসনা খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ কোমরে বালির বস্তা বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, নিখোঁজের চার দিন পর কোমরে বালির বস্তা বাঁধা অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মাহমুদুল হক মজুমদার জানান, হাসনা খাতুন নিখোঁজের ঘটনায় তার ছেলে থানায় জিডি করেছিলেন। এর পরদিন শুক্রবার খালের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।