কুমিল্লা-৫ আসনের এমপির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার-থানায় জিডি

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুমিল্লা-৫ আসনের এমপির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার-থানায় জিডি

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন-এর ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধারাবাহিক অপপ্রচার ও মানহানিকর ভিডিও ছড়ানোর অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এ অপপ্রচারের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ‘কুমিল্লা ক্রাইম ২৪’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৯ মে থেকে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনকে জড়িয়ে একের পর এক আপত্তিকর, বিভ্রান্তিকর ও মানহানিকর ভিডিও প্রকাশ করা হচ্ছে।

এসব ভিডিওর মাধ্যমে একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রবিউল্লাহ (রবি)।

জিডিতে তিনি উল্লেখ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। একই সঙ্গে তাঁর পরিবার ও রাজনৈতিক দলের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টাও চালানো হচ্ছে।

মো. রবিউল্লাহ বলেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটি সংগঠিত চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।”

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও প্রচারিত ভিডিওগুলোর বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে সাইবার আইনের আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ও অপপ্রচার ছড়িয়ে ব্যক্তির সম্মানহানি এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির প্রবণতা উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *