
গৌরীপুরে ২ ডায়গনোস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে লাইসেন্স না থাকায় দুইটি ডায়গনোস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া লাইসেন্স নবায়ন না থাকায় আরও একটি ডায়গনোস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে গৌরীপুর পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।
জানা গেছে, গৌরীপুর পৌর শহরে প্রায় ১০টি ডায়গনোস্টিক সেন্টার রয়েছে।
অভিযানের সময় হাসপাতাল রোডে অবস্থিত মা প্যাথলজী ল্যাবরেটরীতে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে লাইসেন্সবিহীন হওয়ায় পৌর শহরের হাসপাতাল রোডের সেবা ডায়গনোস্টিক সেন্টার এবং ধানমহাল এলাকার ডিজিটাল ডায়গনোস্টিক সেন্টার সিলগালা করা হয়।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে শহরের বেশ কয়েকটি ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে দায়িত্বে থাকা ব্যক্তিরা সরে যান বলে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, “দুইটি ডায়গনোস্টিক সেন্টার সিলগালা এবং একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
অভিযানের খবর পেয়ে যেসব প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়েছে, সেগুলোতেও পরবর্তীতে অভিযান পরিচালনা করা হবে।”