
কুমিল্লায় হত্যা মামলার দায় এড়াতে মিথ্যা মামলায় বাদীর হাজতবাস
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার চান্দিনা উপজেলার আলোচিত সাবিনা হত্যা মামলা নতুন মোড় নিয়েছে।
মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী।
রবিবার (গতকাল) সকাল ১১টায় উপজেলার গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলাকাবাসী অভিযোগ করেন, সাবিনাকে তার স্বামী পরিকল্পিতভাবে হত্যা করেন।
হত্যার পর তার মরদেহ গোসলখানায় গুম করার চেষ্টা করা হয়। পরে সাবিনার স্বামী মোহাম্মদ আবুল খায়ের ফোন করে শাশুড়িকে জানান যে, তার মেয়ে মারা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় সাবিনার স্বামীকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। তবে এলাকাবাসীর দাবি, মামলার দায় এড়াতে আসামিপক্ষ পরিকল্পিতভাবে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়।
তাদের অভিযোগ, এলাকার এক বাক ও মানসিক-শারীরিক প্রতিবন্ধী নারী মরিয়মের স্বাভাবিক মৃত্যুকে হত্যা হিসেবে সাজিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়।
এতে সাবিনা হত্যা মামলার বাদী মোহাম্মদ ময়নাল হোসেন-কে আসামি করে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সাবিনার বাবা গ্রেপ্তার হওয়ার পর কিছু প্রভাবশালী ব্যক্তি দুইটি মামলা আপস-মীমাংসার জন্য বাদীপক্ষকে হুমকি-ধমকি দিচ্ছে।
এ অবস্থায় স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।