সাভারে আর্জেন্টিনা সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা

আইন আদালত জাতীয় ঢাকা সারাদেশ
শেয়ার করুন....,

সাভারে আর্জেন্টিনা সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা

 

মোস্তফা কামাল মজুমদারঃ

সাভারের আশুলিয়ায় ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বালুচাপা দেওয়ার অভিযোগ উঠেছে চারজন ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে।

 

এ ঘটনায় নিহত নাহিদ হাসানের (১৫) পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

 

বুধবার (১ জুলাই) রাতে আশুলিয়া থানায় অভিযুক্ত হামজাকে থানায় হাজির করেন নিহতের স্বজনরা। এর আগে, গত ২৯ জুন রাত আনুমানিক ১২টার দিকে আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটের বালুচরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত নাহিদ হাসান (১৫) লালমনিরহাটের বড়বাড়ী-পঞ্চগ্রামের মোস্তাকের ছেলে। তিনি বাবার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসে এ ঘটনার শিকার হয। নিহতের বাবা মোস্তাক পেশায় একজন কসাই।

নিহতের পরিবারের অভিযোগ, ব্রাজিল-জাপান ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডা একপর্যায়ে আর্জেন্টিনা সমর্থক নাহিদকে কৌশলে ডেকে নিয়ে যায় ব্রাজিল সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম।

 

পরে তারা নাহিদকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং মরদেহটি আশুলিয়ার বালুচরে নিয়ে বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যায়।

 

নিহতের বাবা মোস্তাক বলেন, ‘আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

নিহতের চাচা ওমর ফারুক বলেন, ‘আটক হামজা স্বীকারোক্তি দিয়েছে সে মারেনি, রাকিব, মেহেদী এবং সিয়াম মারছে। রাত থেকে পুলিশ মরদেহ উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে খোঁজ করছে।

 

অভিযুক্ত হামজা একেক সময় একেক জায়গা দেখিয়ে পুলিশকে ধোঁকা দিচ্ছে।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইতোমধ্যে অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার হলে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *