
নিজ হাতে ৩০ পারা কোরআন লিখলেন
লাকসামের সুরাইয়া জান্নাত !
লাকসাম প্রতিনিধিঃ
নিজ হাতে ৩০ পারা কোরআন শরিফ লিখলেন লাকসামের সুরাইয়া জান্নাত নামে এক মাদরাসা ছাত্রী। দীর্ঘ ৮ মাসের একাগ্রতা ও পরিশ্রমে নিজ হাতে সম্পূর্ণ ৩০ পারা পবিত্র কোরআন শরীফ লিখে এক অসাধারণ কৃতিত্ব স্থাপন করেছেন।
সে কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁদাগাঁও গ্রামের আলহাজ নুর হোসেন লিটনের মেয়ে ও মুদাফফরগঞ্জ এ ইউ ফাজিল (ডিগ্রি) মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিজ হাতে ৩০ পারা কোরআন শরিফ লেখায় পিতা আলহাজ নুর হোসেন লিটন তাকে ১ লাখ টাকা উপহার প্রদান করেন।
পরিবার সুত্রে জানা যায়, লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এ ইউ ফাজিল (ডিগ্রি) মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুরাইয়া জান্নাত স্কুল থেকে মাদরাসায় ভর্তি হওয়ার পর থেকেই তার আরবি লেখার প্রতি গভীর আগ্রহ তৈরি হয়। সে দাখিল পরীক্ষা শেষ করে অবসর সময়ে তিনি এই বিশাল ও পবিত্র কাজটি হাতে নেন। সুরাইয়ার মা ও বাবা তাকে পূর্ণ সমর্থন ও উৎসাহ জুগিয়েছেন।
দীর্ঘ ৮ মাস প্রতিদিন নিয়ম করে লিখেছেন এবং কোনো অক্ষর যেন ভুল না হয়, সেজন্য প্রতিবার মূল কোরআনের সাথে মিলিয়ে দেখেছেন।
সুরাইয়া জান্নাত জানায় “কোরআনের বর্ণগুলো স্পর্শ করার এবং এর বরকত লাভের আশায় আমি নিজ হাতে কোরআন শরীফ লেখা শুরু করি। সে আরও জানায় মেয়ের এই ঐতিহাসিক সাফল্যে খুশি হয়ে পিতা আলহাজ নুর হোসেন লিটন ১ লাখ টাকা পুরস্কার প্রদান করেছেন।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) নার্গিস সুলতানা এই অর্জনকে লাকসামের জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে অভিহিত করেছেন। তিনি সুরাইয়াকে উপজেলা কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদানের ঘোষণা দিয়েছেন।
সুরাইয়া জান্নাতের এই ধৈর্য, অধ্যবসায় ও ধর্মীয় অনুরাগ ইতোমধ্যে পুরো এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।