
নিয়ামতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাজুড়ে ছারপোকা অতিষ্ঠ রোগীরা
মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ছারপোকার উপদ্রব বেড়েছে। চিকিৎসার পাশাপাশি রাতভর ছারপোকার কামড় সহ্য করতে হচ্ছে রোগী ও স্বজনদের।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এই পোকার ভয়াবহ উপদ্রব দেখা দেওয়ায় রোগীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
বুধবার (০৩ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৪৮ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে মহিলা ওয়ার্ডে ২৩ জন, আইসোলেশন ওয়ার্ডে ১৫ জন, শিশু ওয়ার্ডে ৬ জন এবং অতিরিক্ত ৪ জন রোগী শয্যা ছাড়াই মেঝেতে চিকিৎসাধীন রয়েছে। রোগীদের অভিযোগ, দিনের বেলায় ছারপোকার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও রাত নামলেই শয্যা, বালিশ ও চাদরে ছড়িয়ে পড়ে অসংখ্য ছারপোকা। ফলে স্বাভাবিকভাবে ঘুমাতে পারছেন না রোগীরা। বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেকের শরীরে ছারপোকার কামড়ের দাগ ও চুলকানিতে তীব্র অস্বস্তির সৃষ্টি হয়েছে।
ভাবিচা ইউনিয়ন থেকে চিকিৎসার জন্য আসা তাপস নামের এক রোগী বলেন, সুস্থ হওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছি, কিন্তু ছারপোকার কামড়ে রাত কাটানোই কষ্টকর হয়ে পড়েছে। চিকিৎসার পাশাপাশি এখন নতুন ভোগান্তি পোহাতে হচ্ছে।
অন্যদিকে মান্দা উপজেলার আলালপুর গ্রাম থেকে আসা আলমগীর হোসেনের দাবি, ওয়ার্ডগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কার্যকর কীটনাশক প্রয়োগ করা হলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না।
এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফয়সাল নাহিদ বলেন, আগে তো ছারপোকার কোনো সমস্যা ছিল না। বিষয়টি খতিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।