
ব্রাহ্মণপাড়ায় স্বামীর পৈত্রিক সম্পত্তি রক্ষায় গৃহবধূর সংবাদ সম্মেলন
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া পশ্চিমপাড়া এলাকায় এক বিধবার স্বামীর পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে।
অসহায় ওই নারী সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বুধবার (২০ মে) ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শেখ নূরুনন্নাহার।
এসময় তিনি অভিযোগ করেন, তাঁর মৃত স্বামী হারুনুর রশিদের রেখে যাওয়া শেষ সম্বলটুকু দখল করে নেওয়ার চেষ্টা চলছে।
লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর স্বামী হারুনুর রশিদ ২০২৩ সালের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন।
স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে বসবাস করে আসছেন। কিন্তু সেই সুযোগে একটি চক্র তাঁর স্বামীর পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বাগড়া মৌজার বিএস চূড়ান্ত ১২৪৬ নম্বর দাগে প্রায় পাঁচ শতক জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। একই গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে ইমন প্রকাশ জাকির, সিয়ামসহ কয়েকজন ব্যক্তি প্রভাব খাটিয়ে জমিটি দখল করে বিক্রির পরিকল্পনা করছেন বলে স্থানীয়ভাবে জানতে পেরেছেন।
ভুক্তভোগী আরও জানান, বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি। বরং দিন দিন তিনি ও তাঁর পরিবার আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে শেখ নূরুনন্নাহার বলেন,“স্বামীর রেখে যাওয়া এই সম্পত্তিই আমার পরিবারের শেষ ভরসা। আমি একজন অসহায় নারী।
প্রশাসনের সহযোগিতা ছাড়া এই সম্পত্তি রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়।”
তিনি অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তাঁর স্বামীর পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।