
লালমাইতে আন্তঃস্কুল ফুটবল
প্রতিযোগিতা অনুষ্ঠিত
লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলার গৈয়ায় ভাংগা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ‘আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ আগস্ট (বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে বিদ্যালয়ের ‘ড. মোহাম্মদ শহীদুল্লাহ হাউস’ এবং ‘রবীন্দ্রনাথ ঠাকুর হাউস’। মাঠে শিক্ষার্থীদের চমৎকার নৈপুণ্য ও হাড্ডাহাড্ডি লড়াই উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
গৈয়ায় ভাংগা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার উল্লাহ বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস।
সম্পূর্ণ ম্যাচটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জসিম উদ্দিন মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে লালমাই ইউএনও সুব্রত বিশ্বাস দাস বলেন, “শুধুমাত্র পুথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সুস্বাস্থ্যের পাশাপাশি শৃঙ্খলাপরায়ণ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই ধরনের সহ-শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।