
নওগাঁর পোরশায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে চাল বিতরণ বন্ধ
ইমরান হোসেন, নওগাঁঃ
নওগাঁর পোরশা উপজেলার ৫ নং ঘাটনগর ইউনিয়নে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে চাল বিতরণ বন্ধ করে দিয়েছে চেয়ারম্যান বজলুর রহমান।
দরিদ্র ও প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ এনেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঘাটনগর ইউনিয়নে ভিজিএফের চাল নিতে এসে স্থানীয় বাসিন্দারা অনিয়ম ও স্বজনপ্রীতি অভিযোগ তুললে চাল বিতরণ বন্ধ করে দেন চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানা যায়, যারা প্রকৃতপক্ষে ভিজিএফের চাল নেওয়ার যোগ্য, তাদের অনেকেই চাল থেকে বঞ্চিত হয়েছেন।
অপরদিকে কিছু অযোগ্য ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত করে চাল দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।
ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম বলেন, ভিজিএফের চাল বিতরণে বিগত দিনেও বিভিন্ন ধরনের অনিয়মের ঘটনা ঘটেছে। তবে এখন থেকে যাতে সুষ্ঠুভাবে এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা তাদের প্রাপ্য সহায়তা পান, সেদিকে প্রশাসনের নজরদারি থাকা প্রয়োজন।
ঘাটনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান বলেন, বরাদ্দের কিছু চাল এখনও না আসায় আজকে চাল বিতরণ বন্ধ করা হয়েছে। বরাদ্দের চাল এলেই দু-এক দিনের মধ্যে বিতরণ শুরু হবে। তবে ইউনিয়নে এবার ভিজিএফের চাল ১১৫৩ বস্তা বরাদ্দ এসেছে।
এ বিষয়ে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।