
বুড়িচংয়ে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় বেদে সম্প্রদায়ের মাঝে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বিল্লাল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী।
এছাড়া বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ অহিদুর রহমান, মোঃ শাহ আলম, মোঃ জাকির হোসেন, আবাদ মিয়া ও নুরুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ লিয়াকত আলী এবং উপজেলা সমন্বয়কারী (গ্রাম আদালত কার্যক্রম) মোঃ মোশাররফ হোসেন।
ক্যাম্পেইনে গ্রাম আদালত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল—গ্রাম আদালত কী, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া, গ্রাম আদালতে মামলা করার সুবিধা, ভরণপোষণ এবং বাল্যবিবাহ প্রতিরোধ।
ক্যাম্পেইনে বেদে সর্দার হাজী দেওয়ান তান্ত্রিক কবিরাজ বলেন, গ্রাম আদালতে ফৌজদারি মামলার জন্য ১০ টাকা এবং দেওয়ানি মামলার জন্য ২০ টাকা ফি প্রদান করতে হয়—এ বিষয়ে তারা আগে অবগত ছিলেন না।
তিনি জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন এবং ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, তাদের বেদে পল্লীর অনেক মানুষ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা যেমন—বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা ও বয়স্ক ভাতা থেকে বঞ্চিত।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান।
ক্যাম্পেইনের শেষে উপস্থিত সকলের মাঝে গ্রাম আদালত বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।