লালমাইতে পোস্ট অফিস স্থাপনের দাবিতে ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লালমাইতে পোস্ট অফিস স্থাপনের দাবিতে ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান 

লালমাই প্রতিনিধিঃ

প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার প্রায় এক দশক পার হলেও কুমিল্লার লালমাই উপজেলায় এখনো স্থাপিত হয়নি একটি পূর্ণাঙ্গ উপজেলা পোস্ট অফিস। ফলে সরকারি-বেসরকারি নানা সেবা গ্রহণে চরম ভোগান্তিতে পড়ছেন কর্মকর্তা-কর্মচারী, চাকরি প্রার্থী ও সাধারণ সেবাপ্রার্থীরা।

উপজেলাবাসীর পক্ষে আধুনিক ডাকসেবা নিশ্চিত করার দাবিতে পোস্ট মাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতুর কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ কামাল হোসেন।

সংশ্লিষ্টরা জানান, ২০১৭ সালে উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হলেও এখনো সদর দপ্তর বাগমারা এলাকায় কোনো প্রধান ডাকঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।

ফলে উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের ভুলইন দক্ষিণ ইউনিয়নের ছোট শরীফপুর সাব-পোস্ট অফিস অথবা জেলা সদরের ডাকঘরের ওপর নির্ভর করতে হচ্ছে।

এতে সরকারি চিঠিপত্র আদান-প্রদান, পাসপোর্ট সংক্রান্ত নথি, ই-কমার্স পার্সেল গ্রহণ ও প্রেরণসহ বিভিন্ন সেবায় বিলম্ব হচ্ছে।

প্রায় দুই লক্ষাধিক মানুষের এ উপজেলায় ডিজিটাল পোস্ট অফিসের আধুনিক সুবিধা না থাকায় পোস্ট কোড ব্যবহারে জটিলতায় পড়ছেন সরকারি ও বেসরকারি চাকরিপ্রার্থীরাও।

স্থানীয়দের মতে, একটি উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ ডাকঘর না থাকা প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা।

স্মারকলিপি প্রদানকালে মোহাম্মদ কামাল হোসেন বলেন, “একটি উপজেলায় পোস্ট অফিস না থাকা মানে যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে থাকা।

উপজেলা হওয়ার পরও ১০ বছর পেরিয়ে গেল, কিন্তু এখনো একটি পূর্ণাঙ্গ পোস্ট অফিস স্থাপন হয়নি। ডাকঘর না থাকায় গুরুত্বপূর্ণ নথিপত্র সময়মতো পৌঁছায় না।

প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে বাগমারা এলাকায় দ্রুত একটি পূর্ণাঙ্গ উপজেলা পোস্ট অফিস স্থাপন ও নতুন পোস্ট কোড নির্ধারণ জরুরি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, “উপজেলা পর্যায়ে একটি পূর্ণাঙ্গ ডাকঘর থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা স্মারকলিপি পেয়েছি।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়া হবে।”


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *