
যমুনা নদী থেকে বালু উত্তোলন করায় ১ লাখ টাকা জরিমানা
রিফাত, পাবনাঃ
পাবনার বেড়া উপজেলা কাজীরহাট ফেরিঘাট সংলগ্ন এলাকায় যমুনা নদীর তীর থেকে বিক্রির উদ্দেশ্যে এক্সক্যাভেটর দিয়ে মাটি কাটা ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান সূত্রে জানা যায়, বিক্রির উদ্দেশ্যে বাতেন ফকির যমুনা নদীর তীর থেকে এক্সক্যাভেটর দিয়ে মাটি কাটা ও বালু তুলছিলেন।
এতে নদীর তীরবর্তী এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে।
নদীতীর ক্ষতিগ্রস্ত করে বালু ও মাটি উত্তোলন করায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৪(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় অভিযুক্ত বাতেন ফকিরকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
২২ফেব্রুয়ারি রবিবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান।
অভিযানে সহযোগিতা করেন আমিনপুর থানা পুলিশ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান জানান, নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।