
লাকসামে জুলাই শহীদের সমাধীতে
জুতা পায়ে পুলিশের শ্রদ্ধা নিবেদন
লাকসাম প্রতিনিধিঃ
শ্রদ্ধা জানাতে গিয়ে জুলাই শহিদের কবরে জুতা পায়ে উঠে পড়লেন এক পুলিশ সদস্য। এ সময় থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর সাতঘর ইছাপুরায় শহীদ মো. ইউসুফের সমাধিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে সাতঘর ইছাপুরায় জুলাই আন্দোলনের শহীদ মো. ইউসুফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন।
এ সময় লাকসাম থানার অফিসার ইনচার্জ কামরুন্নাহার লাইলীর উপস্থিতেই আব্দুর রহিম নামে একজন পুলিশ সদস্য জুতা পায়ে শহীদ মো. ইউসুফের কবরে উঠে পড়েন। এ বিষয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এদিকে, দিবসটি উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুনাহার লাইলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, গোবিন্দপুর ইউনিয়নের প্রশাসক মিজানুর রহমান, গোবিন্দপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারা বেগম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা বেলাল।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার বাসিন্দারা কর্মসূচিতে অংশ নিয়ে শহীদ মো. ইউসুফের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মদান গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান বক্তারা।
’জুলাই শহীদের সমাধীতে জুতা পায়ে পুলিশের শ্রদ্ধা নিবেদন’ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ কামরুন্নাহার লাইলী কে সরকারি মুঠোফোনে একাধিকবার ফোন ও ওয়াসবে ম্যাসেজ দিয়েও কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সনদ বড়ুয়া কোন মন্তব্য না করে বলেন, ‘লাকসাম থানার ওসি বিষয়টি ভালো বলতে পারবেন। ওসির সাথে কথা বলেন।’