বুড়িচংয়ে ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে ইয়াবাসহ আটক

ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক হওয়া আমির খা (৫৫) নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের অভিযোগে আলোচিত এ ব্যক্তির দণ্ডে স্থানীয়দের মধ্যে স্বস্তির আবহ বিরাজ করছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

মাদক কেনাবেচার একটি সম্ভাব্য চালানের তথ্য পেয়ে তিনি ঘটনাস্থলে অবস্থান নেন এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালান।

তল্লাশির এক পর্যায়ে তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পরিচয় নিশ্চিত করে জানা যায়, তিনি বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কুসুমপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে আমির খা।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

স্থানীয় সূত্র জানায়, আমির খার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির অভিযোগ রয়েছে।

তার মাধ্যমে এলাকার যুবক, কিশোর ও শিক্ষার্থীদের একটি অংশ মাদকের সংস্পর্শে এসেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। ফলে এলাকায় সামাজিক অবক্ষয়, অপরাধপ্রবণতা ও নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছিল।

এলাকাবাসীর মতে, প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান মাদক ব্যবসায়ীদের জন্য একটি স্পষ্ট বার্তা। তারা আশা করছেন, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকলে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।

মঙ্গলবার সকালে বুড়িচং থানা পুলিশ আমির খাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাদকবিরোধী অভিযানে প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *