
লালমাইতে এসএসসি ও সমমানে জিপিএ-৫
প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান
লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লালমাই উপজেলা শাখা।
সোমবার (১০ আগস্ট) ফলাফল প্রকাশের পর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরও উৎসাহিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় আরও উৎসাহিত করবে। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তারা শিক্ষার্থীদের আগামী দিনে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান।
এদিকে ফলাফল প্রকাশের দিনেই এমন সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীদের অনেকেই বলেন, তাৎক্ষণিক এ শুভেচ্ছা তাদের ভালো ফলাফলের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জুগিয়েছে।
লালমাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের এ উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।