মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় তথ্যপ্রযুক্তি সারাদেশ
শেয়ার করুন....,

মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার ব্যবসায়ী ও মজুমদার ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী শাজাহান মজুমদার তার ও তার ছেলেকে জড়িয়ে সম্প্রতি অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

তিনি অভিযোগগুলোকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে শাজাহান মজুমদার বলেন, সংবাদ সম্মেলনে উপস্থাপিত অভিযোগ এবং অভিযোগকারী ফারহানা মাহমুদা ঝর্ণার পূর্বে দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। তার দাবি, মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় করা সাধারণ ডায়েরি (জিডি), আদালতে দায়ের করা অভিযোগ এবং সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।

 

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ২২ এপ্রিল ২০২৬ তারিখে লাকসাম থানায় করা সাধারণ ডায়েরিতে অভিযোগকারী জানিয়েছিলেন, তার মেয়ে মশার কয়েল কিনতে গিয়ে বাড়িতে ফিরে আসেনি।

 

পরবর্তীতে সংবাদ সম্মেলনে অপহরণ, ধর্ষণ ও অবৈধ গর্ভধারণের অভিযোগ উত্থাপন করা হয়েছে, যা পূর্বের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি দাবি করেন।

শাজাহান মজুমদারের দাবি, সংশ্লিষ্ট মেয়ের একটি সিসিটিভি ফুটেজ স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে সংরক্ষিত রয়েছে। ওই ফুটেজে তাকে তার ছোট বোনের সঙ্গে প্রতিষ্ঠান ত্যাগ করতে দেখা যায়।

 

এ ছাড়া আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, মেয়েটি আল-আমিন ইনস্টিটিউটে যাওয়ার পথে অপহরণের শিকার হয়। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র অনুযায়ী সে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল না বলে দাবি করেন তিনি।

বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন উল্লেখ করে শাজাহান মজুমদার বলেন, তিনি আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি প্রত্যাশা করেন।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবেদনশীল কোনো বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও দালিলিক তথ্য যাচাই করা প্রয়োজন।

 

তিনি আরও অভিযোগ করেন, তার পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে অভিযোগকারী ফারহানা মাহমুদা ঝর্ণার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি বর্তমানে আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *