
জামালগঞ্জে ইয়াবাসহ
বিএনপির আহবায়ক গ্রেফতার
আবদুস সামাদ, জামালগঞ্জঃ
সুনামগঞ্জের জামালগঞ্জে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ বিএনপি নেতা এমরান হোসেন রুবেলকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় থানা পুলিশের একটি অভিযানিক দল জামালগঞ্জ বাজার ফেরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিএনপি নেতা এমরান হোসেন রুবেল (৪৮) ও আজিজুল হক (৪৮) কে ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত এমরান হোসেন রুবেল জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
রুবেল বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল হোসেন ওরফে সুন্দর আলীর ছেলে ও আজিজুল হক ভীমখালী ইউনিয়নের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে।
এবিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী জানান, গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই দুই আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।