
কুষ্টিয়ায় বাল্য বিয়ে বন্ধ করল প্রশাসন
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক বাল্যবিয়ের আসরে আকস্মিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত হয়ে বন্ধ করেন বিয়ের আয়োজন।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দবন গ্রামে এ ঘটনা ঘটে।
বাল্যবিয়েতে পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার।
জানা যায়, মেয়েটি কুমারখালী ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। আর ছেলেটি একই প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রায় দেড় বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। তাদের বিয়ে না দিলে আত্মহত্যা করবে বলে হুমকি দেয় অভিভাবকদের। এরপর, অনেকটা বাধ্য হয়েই অভিভাবকরা বাল্যবিয়ের আয়োজন করেছিলেন। তবে কাজী আসার আগেই ম্যাজিস্ট্রেট হাজির হওয়ায় বিয়ের আসর বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিয়ের আসর বন্ধ করে কড়া সতর্ক করা হয়েছে।
প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে হবে না, এই মর্মে স্বীকারোক্তি নিয়ে স্বজনদের কাছে ছেলে-মেয়েকে হস্তান্তর করা হয়েছে।
বাল্যবিয়ের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
এ বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।