
লালমাই উপজেলা মডেল মসজিদের
বৈদ্যুতিক তামার তার চুরি
গাজী মামুন, লালমাইঃ
রাতের আঁধারে কুমিল্লার লালমাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে ৷
সোমবার (৩ আগস্ট) দিবাগত গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। চুরির বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে জানিয়েছেন মডেল মসজিদের ইমাম মো. তাফাজ্জুল হক।
এ ঘটনায় এক লক্ষাধিক টাকার বৈদ্যুতিক তামার তার চুরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চুরির ঘটনায় লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, প্রতিদিনের মতো সোমবারও এশার নামাজ আদায় শেষে বাড়িতে চলে যায় ইমাম ও মুসুল্লিরা। রাতে মসজিদের শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন মুয়াজ্জিন এবং খাদেম।
মঙ্গলবার নামাজ আদায় করতে এসে বৈদ্যুতিক সংযোগ না পেয়ে তার চুরির বিষয়টি নিশ্চিত হয় সংশ্লিষ্টরা। চোরচক্র সুপরিকল্পিতভাবে ট্রান্সফরমার থেকে মসজিদের মিটার বক্সে আসা ফোরপট্টি লাইনের মোটা তামার তার চুরি করে নিয়ে যায়।
চুরির বিষয়টি নিশ্চিত করে মডেল মসজিদের ইমাম তাফাজ্জুল হক বলেন, গতরাতের কোনো এক সময়ে মসজিদের প্রায় ৩০ হাত বৈদ্যুতিক তামার তার চুরি করে নিয়ে যায় চোরচক্র। রাতে মসজিদে মুয়াজ্জিন ও খাদেম ঘুমালেও তারা চুরির সময় টের পায়নি।
এ ঘটনায় এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সংযোগ না থাকায় বর্তমানে অন্ধকারে রয়েছে পুরো মডেল মসজিদ।
এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করতে সংশ্লিষ্টরা থানায় এসেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস বলেন, তার চুরির বিষয়টি আমাকে সন্ধ্যায় মসজিদের ইমাম সাহেব জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সারাদেশের ন্যায় ২০২৩ সালের ৩০ অক্টোবর লালমাই উপজেলা কমপ্লেক্সের উত্তর অংশে ফতেপুর মৌজায় অবস্থিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের কিছুদিন পর এখানে নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদিম নিয়োগ দেওয়া হয়।