
ফেনী থেকে এসে লাকসামের স্কুলছাত্রীকে অপহরণ
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামে এক নাবালিকা স্কুলছাত্রীকে পুনরায় অপহরণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা কুসুম বেগম লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, এর আগে একই স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মাসুদ (৩২) গ্রেপ্তার হলেও পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।
পরিবারের দাবি, জামিনে বের হওয়ার পর সোমবার (১ জুন) দিবাগত গভীর রাতে সহযোগীদের নিয়ে তিনি আবারও ওই ছাত্রীকে অপহরণ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফেনী জেলার ফুলগাজী উপজেলার বাসিন্দা মাসুদ দীর্ঘদিন ধরে তাহমিনা আক্তার স্মৃতি (১৬) নামে ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিলেন।
এ নিয়ে পূর্বে দায়ের করা একটি অপহরণ মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, সোমবার গভীর রাতে একদল লোক তাদের বাড়িতে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা ঘরবাড়িতে ভাঙচুর, পরিবারের সদস্যদের মারধর এবং লুটপাট চালায়।
পরে ঘরের তালা ভেঙে নাবালিকা স্মৃতিকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা বাড়ি থেকে নগদ ১৭ লাখ টাকা ও প্রায় ৩২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ঘটনার পর থেকে অপহৃত কিশোরীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাসুদ কিংবা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মাসুদ ওই কিশোরীকে বিয়ে করেছেন বলে প্রচার রয়েছে। তবে কিশোরী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এমন কোনো বিয়ে সংঘটিত হয়ে থাকলেও তা আইনগতভাবে বৈধ নয়। বিষয়টির সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলী বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পূর্বের একটি অপহরণ মামলা বিচারাধীন রয়েছে। নতুন অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”