
চাটমোহরে ঝড়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুতায়িত হয়ে ৭ বছরের শিশুর মৃত্যু !
মোঃ রাজিব হোসেন, চাটমোহরঃ
পাবনার চাটমোহর উপজেলায় ঝড়-বৃষ্টির মধ্যে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে হাসান (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার মা সালমা।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান ওই গ্রামের শাহিনুর রহমানের ছেলে। আহত সালমা শাহিনুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায়।
এ সময় খেলতে থাকা শিশু হাসান অসাবধানতাবশত তারটিতে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে পড়ে। মা সালমা ছেলেকে বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে তার স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হন।
স্থানীয় লোকজন দ্রুত দুজনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু হাসানকে মৃত ঘোষণা করেন। তার মা সালমাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের অবহেলার অভিযোগ তুলে বলছেন, ঝড়-বৃষ্টিতে তার ছিঁড়ে পড়ার পরও দ্রুত ব্যবস্থা না নেওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে।