
ঈদের ফেরার পথে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবক আহত
মোঃ রাজিব হোসেন, চাটমোহরঃ
চাটমোহর, পাবনা, ২৬ মে ২০২৬ ঈদ উপলক্ষে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে গাছের ডালে ধাক্কা খেয়ে অজ্ঞাত এক যুবক রেললাইনের পাশে পড়ে গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর একটার দিকে পাবনার চাটমোহর উপজেলার গফুরাবাদ রেল স্টেশন এলাকায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এখনও আহত যুবকের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তাই দ্রুত পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
স্থানীয়দের বক্তব্য গফুরাবাদ এলাকার রিপন হোসেন জানান, বেলা একটার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে অজ্ঞাত যুবকটি পড়ে গেলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ব্যক্তির পরিচয় জানা থাকলে বা তাকে চিনতে পারলে অবিলম্বে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।