
লাকসামে সরকারি আদেশ অমান্য করে পশুর হাট বসানোর অভিযোগ
লাকসাম প্রতিনিধিঃ
লাকসাম পৌরসভা এলাকায় সরকারি বিধি অমান্য করে আরও একটি অস্থায়ী গরুর হাট বসানোর পাঁয়তারা চলছে এমন অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি
লিখিত অভিযোগ দিয়েছেন দৌলতগঞ্জ পশুর হাট ইজারাদার কর্তৃপক্ষ।
অভিযোগ সুত্রে জানা যায়, লাকসাম পৌরসভার সরকারি বিধি অনুযায়ী পৌর এলাকায় একটি মাত্র গরুর হাট বসানোর অনুমতি রয়েছে। বর্তমানে লাকসাম গরু বাজারে বৈধভাবে ইজারা নিয়ে গরুর হাট পরিচালনা করা হচ্ছে। লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতাখালীতে অবৈধভাবে আরও একটি অস্থায়ী গরুর হাট বসানোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।
দৌলতগঞ্জ পশুর হাট ইজারাদার হাসান মাহমুদ রাসেল জানান, অবৈধভাবে নতুন গরুর হাট বসানো হলে সরকার রাজস্ব হারাবে এবং বৈধ ইজারাপ্রাপ্ত হাটটি আর্থিক ক্ষতির মুখে পড়বে। তাই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
আবেদনে আরও বলা হয়, লাকসাম পৌর এলাকায় বৈধ ইজারাপ্রাপ্ত গরুর হাটের বিপরীতে যেন আর কোনো অস্থায়ী গরুর হাট বসানোর অনুমতি প্রদান না করা হয়, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন বাতাখালী এলাকার মোহাম্মদ আলী, ফারুক, মাহবুব ও মোশারফসহ আরও কয়েকজন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে লাকসাম পৌরসভায় দৌলতগঞ্জ গরুর হাট বসবে আর কোনো হাট বসবে না এই বিষয়টা আমি দেখছি।