তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরে নিমসারে বিশাল সংবর্ধনার প্রস্তুতি

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরে নিমসারে বিশাল সংবর্ধনার প্রস্তুতি

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারপার্সন প্রধানমন্ত্রী  তারেক রহমানের আগামী ১৬ মে চাঁদপুর সফরকে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ব্যাপক সংবর্ধনার প্রস্তুতি শুরু হয়েছে।

এ উপলক্ষে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ সংবর্ধনা অনুষ্ঠানে ১০ থেকে ২০ হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে নিমসার এলাকা পরিণত হবে এক জনসমুদ্রে।

শনিবার (২ মে) সন্ধ্যায় বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল খন্দকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সি, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বুড়িচং উপজেলা কৃষক দলের সভাপতি মো. সাদেকুর রহমান, শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের সম্ভাব্য সফর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি দলীয় ঐক্য, শক্তি ও সাংগঠনিক সক্ষমতার এক বড় প্রদর্শনী হয়ে উঠতে পারে। তাই কর্মসূচিকে সফল করতে এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের বিকল্প নেই।

বিশেষ করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার এলাকায় বিপুল জনসমাগম নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সফরকে ঘিরে মহাসড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালনা, আগত নেতাকর্মীদের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে সক্রিয় অংশগ্রহণ বাড়াতে একাধিক উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী কর্মসূচি বাস্তবায়নে দলীয় শৃঙ্খলা, ঐক্য ও গণসম্পৃক্ততা জোরদার করার আহ্বান জানান বক্তারা।

রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই এ আয়োজন ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর আমেজ; আর নিমসারকে ঘিরে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *