অতিরিক্ত ‘জিবি’ আদায়ের প্রতিবাদে শাসনগাছা–বুড়িচং–মীরপুর সড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

 অতিরিক্ত ‘জিবি’ আদায়ের প্রতিবাদে শাসনগাছা–বুড়িচং–মীরপুর সড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

আন্তর্জাতিক শ্রমিক দিবসে অতিরিক্ত ‘জিবি’ (চাঁদা) আদায়ের প্রতিবাদে কুমিল্লার শাসনগাছা–বুড়িচং–মীরপুর সড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন সিএনজি চালকরা।

শুক্রবার (১ মে) সকালে হঠাৎ করে প্রতি সিএনজি থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে ওই সড়কে চলাচলকারী হাজারো চালকের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।

প্রতিবাদে চালকরা ভরাসার বাজার, নানুয়ার বাজার, বুড়িচং উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিএনজি রেখে সড়ক অবরোধ করেন এবং বিক্ষোভ মিছিল বের করেন। এতে কয়েক ঘণ্টা সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

চালকদের অভিযোগ, শাসনগাছা সিএনজি স্টেশনে একটি প্রভাবশালী সিন্ডিকেট সকাল থেকে দুপুর পর্যন্ত হলুদ রঙের টোকেন দিয়ে নির্ধারিত টাকার চেয়ে বেশি অর্থ আদায় করছে। পরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লাল রঙের টোকেনের মাধ্যমেও একইভাবে অতিরিক্ত অর্থ নেওয়া হয়। এমনকি রাত ৮টার পরও বাড়তি হারে ‘জিবি’ আদায়ের অভিযোগ রয়েছে।

সিএনজি চালক জসিম উদ্দিন, জাহাঙ্গীর, শরীফ, রুবেলসহ একাধিক চালক জানান, দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি দেখানো হয়, এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে। এতে বাধ্য হয়েই অনেক চালক অতিরিক্ত অর্থ পরিশোধ করছেন।

শুক্রবার সকালে এ নিয়ে শাসনগাছা সিএনজি স্টেশনে বাকবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চালকরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন।

এসময় কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন জসিমের গাড়ি ভরাসার বাজার এলাকায় থামিয়ে চালকরা তাদের অভিযোগ ও দুর্ভোগের কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।

পরে স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপে অতিরিক্ত ‘জিবি’ আদায় বন্ধ, আগের হার বহাল রাখা এবং ভাড়া সংক্রান্ত অনিয়ম দূর করার আশ্বাস দেওয়া হলে চালকরা আন্দোলন স্থগিত করেন।

শ্রমিক দিবসে শ্রমিকদের এ বিক্ষোভ স্থানীয় জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চালকদের দাবি, স্থায়ীভাবে অনিয়ম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *