
ব্রাহ্মণপাড়ায় ৭৫০০ কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৫–২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৭৫০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেল ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মুখলেচুর রহমান।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জসিম উদ্দিন বলেন, কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন সময় প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে, যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, সময়মতো কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা গেলে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা উপকৃত হবেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।