
বুড়িচং সীমান্তে খাস জমিতে মাটি কাটায় জরিমানা আদায়
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণ সংক্রান্ত এবং সীমান্তে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
এ সময় পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং খাস জমি দখলের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের উচ্ছেদের জন্য নোটিশ প্রদান করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল ২০২৬) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।
শনিবার (১১ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রায়হান, বুড়িচং থানার উপ-পরিদর্শক জিয়া উদ্দিন, উপজেলা ভূমি অফিসের নাজির উত্তম এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা সোনিয়া আক্তার ও তুহিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর এলাকায় পাহাড় কাটার দায়ে মো. দেলোয়ার হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আনন্দপুর গ্রামের মনসুর আলীর ছেলে বলে জানা গেছে।
এ ছাড়া সরকারি খাস জমি দখলের অভিযোগে আনন্দপুর এলাকার তারা মিয়া, তার ছেলে সাইফুল ইসলাম, প্রবাসী আরিফ হোসেন, সিরাজুল ইসলামসহ আরও কয়েকজনকে উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর, গুচ্ছগ্রাম, জামতলা, কালিকৃষ্ণনগর, গদানগর, জঙ্গলবাড়ি, পাহাড়পুর ও খারেরা এলাকায় বিস্তীর্ণ খাস জমি, পাহাড়, টিলা ও বনাঞ্চল রয়েছে। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এসব জমি দখল করে স্থাপনা নির্মাণ এবং পুকুর খননের নামে মাটি বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, সরকারি জমির পাহাড় কাটা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।