গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত !

আইন আদালত জাতীয় দুর্ঘটনা ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত !

মো. হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে বেপরোয়া গতির একটি মাছবাহী মিনি ট্রাকের ধাক্কায় বাবুল (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁও রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী তেলাপিয়া মাছ বোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলন্ত একটি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে অটোরিকশা চালক বাবুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপুরে বাবুলের মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় ঘাতক ট্রাক চালকের বিচারের দাবি ও নিরাপদ সড়কের দাবিতে বেলা ১১টা ৫ মিনিটের দিকে স্থানীয়রা ময়মনসিংহ–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের আশ্বস্ত করলে বেলা ১১টা ২৫ মিনিটে সড়ক থেকে সরে যান তারা। পরে বেলা ১১টা ২৯ মিনিটে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি সড়ক অবরোধের বিষয়টি অস্বীকার করে জানান, দুর্ঘটনার পর উৎসুক জনতার কারণে সাময়িকভাবে সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *