
সংবাদটুডে লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি
নিজস্ব প্রতিনিধি:
সংবাদটুডে ডট কম লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি তাবারক হোসেন আজাদকে ফেসবুক পোস্ট ও লাইভে এসে মারধর ও প্রানণাশের হুমকির অভিযোগে থানায় জিডি করা হয়েছে। জিডিতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করে প্রতিকার চেয়েছেন তাবারক হোসেন আজাদ (৪৫)।
তিনি সংবাদটুডে ডট কম লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, দৈনিক যুগান্তরের রায়পুর প্রতিনিধি ও রায়পুর প্রেস কাবের সাধারণ সম্পাদক।
অপরদিকে অভিযুক্ত নুরুল আমিন ভুঁইয়া (৬৭) ওরফে দুলাল ভূঁইয়া রায়পুর পৌরসভার মধুপুর এলাকার বাসিন্দা। তিনি পৌর আওয়ামী লীগের নেতা ও মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচিত। তাঁর নানান কর্মকান্ড ও রাজনৈতিক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তিনি দীর্ঘদিন থেকেই নানান আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছেন।
সংবাদটুডে লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি তাবারক হোসেন আজাদ বলেন, দীর্ঘদিন থেকেই দুলাল ভূঁইয়ার নানান বিতর্কিত মন্তব্য ও পোস্ট ফেসবুকে ভাইরাল হয়।
এজন্য তিনি আমাকে সন্দেহবশত: আমার বিরুদ্ধে নানান কুৎসামূলক পোস্ট করেন। লাইভ ভিডিওর মাধ্যমে মারধর ও প্রাণনাশের হুমকি দেন।
নিরাপত্তাহীনতা সৃষ্টি হওয়ায় আমি আইনের আশ্রয় নিয়েছি। তাঁর বিরুদ্ধে কে বা কারা ওইসব পোস্ট করেছেন তার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। অন্যায়ভাবে আমাকে মানসিক ও সামাজিকভাবে হেয় করার জন্য তিনি এসব করে যাচ্ছেন।
অভিযোগের বিষয়ে নুরুল আমিন ভূঁইয়া (৬৭) ওরফে দুলাল ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ফেইক আইডি দিয়ে ফেসবুকে আমার বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও অডিও ছড়িয়ে সম্মানহানি করা হচ্ছে। আমি ধারণা করছি তাবারক হোসেন আজাদ এসবের সাথে জড়িত। এজন্য তাঁকে নিয়ে পাল্টা এসব করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, অনলাইনে আসা জিডির আবেদনটি গ্রহণ করা হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) বিষয়টির তদন্ত করবেন। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।