
গৌরীপুরে ৪ বছর পর লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী ঘোষণা
মো:হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় চার বছর পর চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীকের প্রার্থী শামছুজ্জামান জামালকে বিজয়ী ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
সোমবার (৩০ মার্চ) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক সংশোধনী গেজেটের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
গেজেট সূত্রে জানা যায়, নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা মামলার রায়ে ২০২২ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন কাদের রুবেলের বিজয় বাতিল করা হয়।
ট্রাইব্যুনালের রায় অনুযায়ী জাতীয় পার্টির প্রার্থী শামছুজ্জামান জামালকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে সালাহ উদ্দিন কাদের রুবেল ৬ হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামছুজ্জামান জামাল পান ৬ হাজার ২৫২ ভোট।
পরবর্তীতে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলা করলে ভোট পুনঃগণনা করা হয়।
পুনঃগণনায় শামছুজ্জামান জামাল ৬ হাজার ২২৪ ভোট পান এবং সালাহ উদ্দিন কাদের রুবেল পান ৫ হাজার ৯৫৮ ভোট। এতে জামাল ২৬৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
পরে উচ্চ আদালতেও ট্রাইব্যুনালের রায় বহাল থাকায় নির্বাচন কমিশন সংশোধনী গেজেট প্রকাশ করে শামছুজ্জামান জামালকে সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।