
গৌরীপুরে ইটভাটার বিষয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে এক ইটভাটার মালিক তার নিজের বিরুদ্ধে আনা সাত লাখ ইটের মূল্য বাবদ ৪২ লাখ টাকা দাবির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মোঃ বোরহান উদ্দিন (শোয়েব)।
সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বোরহান উদ্দিন বলেন, গৌরীপুর উপজেলার ২নং ইউনিয়নের পূর্ব শালীহর গ্রামে ২০১৩ সালে তিনি এস.কে ব্রিকস নামের একটি ইটভাটা প্রতিষ্ঠা করে দুই বছর পরিচালনা করেন।
পরবর্তীতে পারিবারিক সমস্যার কারণে ভাটাটি পরিচালনা করতে না পারায় তিনি ইটভাটা ও সংশ্লিষ্ট ভূমি এবং স্থাপনা ইট প্রস্তুত ও বাজারজাত করার উদ্দেশ্যে ভাড়ায় দেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি জানান, এ প্রেক্ষিতে ফাইজা ব্রিকস, এফ ইসলাম এন্ড কোং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফারুকুল ইসলাম (রতন), পিতা মৃত হাজী মকবুল হোসেন, গ্রাম রঘুরামপুর, শম্ভুগঞ্জ বাজার, থানা কোতোয়ালী, জেলা ময়মনসিংহ এর সাথে ১৮ জুন ২০১৬ থেকে ১৮ মে ২০২১ পর্যন্ত পাঁচ বছরের জন্য ভাড়ার চুক্তি সম্পাদিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত ২৫ মার্চ এক সংবাদ সম্মেলনের পর তিনি জানতে পারেন যে ৬০ জন ভুক্তভোগী তার কাছে ৭ লাখ ইটের মূল্য বাবদ ৪২ লাখ টাকা দাবি করছেন। তিনি এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
তিনি বলেন, এ ধরনের অভিযোগের মাধ্যমে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং মানসম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন ও জনগণের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি দাবি জানান। দাবিগুলো হলো—১. সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
২. ৬০ জনের নামের তালিকার ইটভাটার মেমো সংগ্রহ করে আদায়কারীর স্বাক্ষর যাচাই করা।
৩. প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ থেকে তাকে রক্ষা করা।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সত্য ঘটনা তুলে ধরে তাকে ও তার পরিবারকে সহযোগিতা করার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর ইটভাটা সমিতির সভাপতি মোঃ মোবারক হোসেন বাবুল, মোঃ আজিজুুর রহমান খান, মোঃ মাহাবুবুর রহমান (মানা), মোঃ হুমায়ুন কবীর, মোঃ খায়ের উদ্দিন রতন, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আনায়ার হোসেন।
তার বিরুদ্ধে গৌরীপুর থানায় করা অভিযোগের বিষয়ে এসআই মোস্তাফিজুর রহমান কে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন অভিযোগটি তদন্তাধীন রয়েছে।
ইটভাটা মালিক সমিতির সভাপতি এক প্রশ্নের উত্তরের জানিয়েছেন মোঃ বোরহান উদ্দিন (শোয়েব) এর বিরুদ্ধে ইটের পাওনার বিষয়ে সমিতিতে কোন অভিযোগ পাওয়া যায়নি।