
লাকসামে অটোরিকশা চালক হত্যা মামলার আসামি গ্রেফতার
লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে অটোরিকশা চালক মোরশেদ আলম (২৪) কে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ হাবিব প্রকাশ সবুজ (৩১) কে ঢাকার আশুলিয়া থানাধীন মধ্য ডেনদাবর এলাকার বাসা থেকে গ্রেফতার করেছে লাকসাম থানা পুলিশ।
নিহত অটোরিকশা চালক খন্দকার মোস্তাফা’র ছেলে।
অভিযুক্ত ঘাতক মোঃ হাবিব প্রকাশ সবুজ মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও পশ্চিম পাড়ার মিজি বাড়ির মৃত আনিছ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত কয়েক দিন আগে অভিযুক্ত মোঃ হাবিব প্রকাশ সবুজ অটোরিকশা চালক মোরশেদ আলম (২৪) কে হত্যা করে লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং গ্রামের একটি মসজিদের টয়লেটের টাংকির ভেতরে ঢুকিয়ে রাখে।
এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে।
লাকসাম থানা পুলিশের এস আই মংছাই মার্মা ঢাকার আশুলিয়া থানাধীন মধ্য ডেনদাবর এলাকায় খুনীর ভাড়া বাসা থেকে গত ২৮ মার্চ গভীর রাতে তাকে গ্রেফতার করে।
আজ রোববার কুমিল্লা আদালতে উপস্থাপন করেন।
আদালত ফৌঃকাঃবি আইনের ১৬৪ ধারায় খুনী হাবিব প্রকাশ সবুজ এর স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড শেষে কারাগারে প্রেরণ করে।
লাকসাম থানা পুলিশের ওসি মোঃ মাকসুদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।