
জামালগঞ্জে হত্যা মামলার ২ নারী আসামি গ্রেফতার
জামালগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ঠেলাগাড়ি চালক আব্দুল হামিদ হত্যা মামলায় নিহতের স্ত্রী নূরেজা বেগম ও শ্যালিকা রংমালা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে জামালগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। এর আগে একই মামলায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে নয়াহালট গ্রামের অটোরিকশা চালক সাদিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা ঠেলাগাড়ি চালক আব্দুল হামিদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো. জাকির হোসেন বাদী হয়ে জামালগঞ্জ থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, গত ১ মার্চ ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে ঠেলাগাড়ি নিয়ে বাসা থেকে বের হন আব্দুল হামিদ।
এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি।
পরে ৫ মার্চ জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের তেরানগর ব্রিজের দক্ষিণ পাশে লক্ষীপুর বাজারগামী সড়কের পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। সুরতহালে নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের ভাই জুয়েল মিয়া বাদী হয়ে জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে নিহতের স্ত্রী নূরেজা বেগম ও শ্যালিকা রংমালা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই মামলায় সাদিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে।