
ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেকু জব্দ
মোস্তফা কামাল মজুমদারঃ
ধামরাইয়ে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে সূয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করেছে ধামরাই উপজেলা প্রশাসন।
রোববার (১ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে সূয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামের খালপাড় এলাকার একটি চক থেকে মাটি কাটার সময় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এ সময় সরে জমিনে উপস্থিত থেকে একটি ভেকু জব্দ করা হয়।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের আগের দিনও একই অভিযোগে তার একটি ভেকু জব্দ করেছিল উপজেলা প্রশাসন।
স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, ফসলি জমির মাটি কাটার বিষয়ে সংশ্লিষ্ট এমপি নিষেধাজ্ঞা জারি করার পরও ফরহাদ হোসেন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত গোপনে তিন ফসলি জমির মাটি কাটতেন।
এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে তারা মন্তব্য করেন।
এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা অনিয়ম করে আসছেন। ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে রাতের আঁধারে জমির মাটি কেটে নেওয়া হতো বলেও দাবি করেন তারা। তবে প্রশাসনের সাম্প্রতিক অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের কার্যক্রম বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)খান সালমান হাবিব বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
ভবিষ্যতেও যারা এ ধরনের অবৈধ কাজে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।