লাকসামে ছাত্রদল নেতার বিরুদ্ধে মাটি কাটা শ্রমিককে পিটিয়ে হাত ভাঙ্গার অভিযোগ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে ছাত্রদল নেতার বিরুদ্ধে মাটি কাটা শ্রমিককে পিটিয়ে হাত ভাঙ্গার অভিযোগ

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় এক শ্রমিককে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতারের পর লাকসাম উপজেলার আতাকরা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হিসেবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন সবুজের নাম উল্লেখ করেছেন আহত শ্রমিক রবিউল হোসেন। তিনি আতাকরা গ্রামের ছফিউল্লাহর ছেলে এবং পেশায় মাটি কাটার শ্রমিক।

রবিউল হোসেনের অভিযোগ, এক ব্যক্তি মাটি কাটার কাজের কথা বলে তাকে ডেকে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তার হাত-পা তার দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এতে তার একটি হাত ভেঙে গেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, গত রমজানে রোজা রেখে ৩ হাজার ৭০০ টাকার মাটি কাটার কাজ করলেও সেই টাকা পরিশোধ করা হয়নি। পাওনা টাকা না পেয়ে বিষয়টি তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশুর কাছে অভিযোগ করেন।

তিনি বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়েছিলেন বলে জানান রবিউল।

রবিউলের দাবি, অভিযোগ করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে জহির উদ্দিন সবুজ তাকে গালাগালি করেন এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে নালিশ করা হয়েছে বলে অভিযোগ তোলেন। একপর্যায়ে তাকে মারধর করা হয়।

পরে স্থানীয় এক ব্যক্তি আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করেন।

এ ঘটনায় বিচার চেয়ে তিনি কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম–এর কাছে ভিডিও বার্তায় বিচার প্রার্থনা করেছেন।

অভিযুক্ত জহির উদ্দিন সবুজ অভিযোগ অস্বীকার করে বলেন, একটি পক্ষ তার নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। তিনি এ বিষয়ে আল্লাহর কাছে ন্যায়বিচার কামনা করেন।

এ ঘটনায় আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *