
প্যারেলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় এসে সবার কাছে ক্ষমা চাইলেন আলোচিত সোহেল রানা
মোস্তফা কামাল মজুমদারঃ
মায়ের জানাযায় প্যারোলে মুক্তি পেয়ে আলোচিত সাভারে বাসস্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানা উপস্থিত হয়ে সকলের কাছে মাফ চেয়েছেন। এসময় সাভার মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার পৌর এলাকার মাদরাসা মসজিদে প্যারোলে ছাড়া পেয়ে তার মায়ের জানাযায় আসেন সোহেল রানা ।
মৃত মজিনা বেগম(৬৫) সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লার মৃত আব্দুল খালেকের স্ত্রী।
এসময় রানা প্লাজার মালিক সোহেল রানা উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, ‘ আমার মা’র জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন সবাই’।
রানার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, আমর চাচি মজিনা বেগম দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পরে প্যারোলে আবেদন করলে আমার চাচাতো ভাই রানাকে সন্ধ্যা ৬ টার দিকে পুলিশ সাভারে নিয়ে আসে।
এসময় রানা সকলের কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। পরে তাকে সাড়ে ৭ টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যায় পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোত্তাছিম বিল্লাহ বলেন, রানা প্লাজার মালিক সোহেল রানা’র মায়ের মৃত্যু হয়েছে। সে কারণে মৃত্যুের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার মার জানাযায় নিয়ে আসা হয়েছে। পরে জানাযা শেষে সাড়ে ৭ টার দিকে রানাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালে ২৪ এপ্রিল সাভার বাজার
বাসস্ট্যান্ডে বহুতলা ভবন রানা প্লাজা ভবন ধসে পড়ে। পরে সেই ভবনের মালিক সোহেল রানাকে ২৮ এপ্রিল ভারত পালিয়ে যাওয়ার সময় বেনাপোল সীমান্ত থেকে আটক করা হয়েছিল।