
প্রাইভেটকারের গিয়ার লিভারের
ভেতরে ২ হাজার ইয়াবা আটক-১
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধাঃ
গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ এবং একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি ২০২৬) রাত ৮টা ৩০ মিনিটে গোবিন্দগঞ্জ থানাধীন কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি চৌকস রেইডিং টিম সন্দেহভাজন একটি সাদা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-৫৪৮২) থামিয়ে তল্লাশি চালায়।
এসময় গাড়িটির গিয়ার লিভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ২ হাজার পিস উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
ঘটনাস্থল থেকে প্রাইভেট কারের চালক মো. রাব্বি মোরশেদ খান (৩৭) কে আটক করা হয়। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা প্রতিদিন নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসছে। তাদের নিরলস প্রচেষ্টা, পেশাদারিত্ব ও সতর্ক নজরদারির ফলে প্রায়ই হাতেনাতে মাদক কারবারিদের আটক করা সম্ভব হচ্ছে।
মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।