কুষ্টিয়ায় অজ্ঞাত বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

কুষ্টিয়ায় অজ্ঞাত বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সকাল ৮টার দিকে ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত নারীর বয়স আনুমানিক ৬৫ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় চরসাদিপুর, দারোগার মোড় ও পদ্মা পাড়ের আবেদের ঘাট এলাকায় ঘোরাফেরা করতেন এবং রাতেও এসব এলাকায় অবস্থান করতেন।

 

বুধবার সকালে স্থানীয়রা নির্মাণাধীন ভবনের মেঝেতে তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “পদ্মা তীরবর্তী এলাকা থেকে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

 

ডিএনএ নমুনা সংগ্রহসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।”

তিনি আরও জানান, প্রাথমিক সুরতহালে মরদেহে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *