
গৌরীপুরে প্রেসক্লাবের উদ্যোগে
৪০ হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ
মো: হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে বেকার যুবক ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে গৌরীপুর প্রেস ক্লাব।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে ৪০টি পরিবার স্বাবলম্বী হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. রইছ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি এ কে এম উজ্জ্বল খান।
আরও বক্তব্য দেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক শিল্প ও সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমান, এশিয়ান টিভির ময়মনসিংহ প্রতিনিধি মো. আলমগীর হোসাইন, চ্যানেল এসের ময়মনসিংহ প্রতিনিধি এহতাসামুল হক সুমন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল, সাংবাদিক শামীম আনোয়ার, আব্দুর রউফ দুদু ও মাহফুজুল হক।
বক্তারা বলেন, সেলাই মেশিন বিতরণের মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে।
ভবিষ্যতেও গৌরীপুর প্রেস ক্লাব সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।