
মেঘনা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
এস এম মনির হোসাইন, বরিশালঃ
বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভাঙনকবলিত জনপদ।
আজ শুক্রবার বিকেলে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর লঞ্চঘাট এলাকায় ‘নদী ভাঙন প্রতিরোধ কমিটি’ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বক্তারা জানান, প্রতি বছর বর্ষা মৌসুম আসার আগেই মেঘনার রাক্ষুসে রূপে বিলীন হচ্ছে শত শত ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা।
বিশেষ করে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কাঞ্চন বেপারীর হাট থেকে দুর্গাপুর এবং গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা এখন মানচিত্র থেকে মুছে যাওয়ার পথে। নদীর অব্যাহত ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ।কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আলতাব হোসেন খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হিজলা উপজেলা বিএনপি। মাহাতাব সিকদার, আহ্বায়ক, নদী ভাঙন প্রতিরোধ কমিটি।
কামাল হোসেন সরদার, সদস্য সচিব, নদী ভাঙন প্রতিরোধ কমিটি। এছাড়াও বক্তব্য রাখেন সদস্য আলতাফ হোসেন সরদার, রুমা বেগম, লোকমান হোসেন, কবির শেখ এবং সাজাহান স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধন চলাকালে বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জননেতা তারেক রহমান এবং নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের কাছে আমাদের আকুল আবেদন—হিজলাবাসীকে মেঘনার গ্রাস থেকে বাঁচান।
অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে এই জনপদকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।
এলাকাবাসীর দাবি, বিশেষ করে থানারঘাট এলাকাসহ ক্ষতিগ্রস্ত পয়েন্টগুলোতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত টেকসই বাঁধের ব্যবস্থা না করা হয়, তবে হিজলার গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান চিরতরে নদীগর্ভে হারিয়ে যাবে।