বুড়িচং মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচং মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের

৪০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

চার দশকের দীর্ঘ পথচলা। এই পথচলায় কত শিক্ষার্থীর স্বপ্নের প্রথম পাঠ, কত শিক্ষকের অক্লান্ত শ্রম, কত স্মৃতি আর ভালোবাসা জড়িয়ে আছে মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিটি প্রাঙ্গণে। সময়ের স্রোতে ৪০ বছর পূর্ণ করেছে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান। গৌরবময় এই পথচলার স্মৃতি স্মরণীয় করে রাখতে আয়োজন করা হচ্ছে রুবি জয়ন্তী।

রুবি জয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হলরুমে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্ভাব্য ২০২৭ সালের ২৩ ও ২৪ জানুয়ারি দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে উদযাপন কমিটি।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এরশাদুল রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মুমিনুর রহমান বুলবুল সাংবাদিক।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি মোঃ আবু মুছা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোঃ ইকরাম হোসেন ভূইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি এম তাজুল ইসলাম, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন ভূইয়া, কুমিল্লা নাভানা হসপিটালের পরিচালক মোঃ গোলাম মোস্তফা, ষোলনল ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মোঃ আবুল কাসেম, বিএনপি নেতা মোজাম্মেল হক ভূইয়া এবং যুবদল নেতা মোঃ মোবারক হোসাইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ বাছির মিয়া, সহকারী শিক্ষক হোসনেয়ারা বেগম, জেসমিন আক্তার, এম হারুন অর রশিদ, আলী আকবর, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আব্দুল কাদের জিলানী প্রমুখ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি কেবল একটি প্রতিষ্ঠানের বয়সের হিসাব নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি জনপদের শিক্ষা ও সংস্কৃতির স্মৃতি, হাজারো শিক্ষার্থীর বেড়ে ওঠার গল্প এবং শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর আবেগ-ভালোবাসা। রুবি জয়ন্তীর আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের বহু বছরের স্মৃতির বন্ধন আরও দৃঢ় হবে।

এদিকে আবুল কাসেম মেম্বারের তত্ত্বাবধানে রুবি জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আবুল কাসেম মেম্বারকে আহ্বায়ক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, ৪০ বছরের গৌরব, সাফল্য ও স্মৃতিকে ধারণ করে রুবি জয়ন্তীর দুই দিনব্যাপী আয়োজন হয়ে উঠবে মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের এক আবেগঘন ও স্মরণীয় অধ্যায়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *