বুড়িচংয়ে ২ শতাধিক মোটরসাইকেল ও দেড় শতাধিক অটোরিকশা-পিকআপ নিয়ে ২৬ গ্রামে গণসংযোগ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে ২ শতাধিক মোটরসাইকেল ও দেড় শতাধিক অটোরিকশা-পিকআপ নিয়ে ২৬ গ্রামে গণসংযোগ

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন যেন শনিবার সকালে পরিণত হয়েছিল মানুষের ঢলে। ব্যস্ত সড়কে একের পর এক মোটরসাইকেল, অটোরিকশা ও পিকআপের দীর্ঘ বহর। সঙ্গে নেতাকর্মী ও সমর্থকদের সরব উপস্থিতি।

উৎসবমুখর পরিবেশে ইউনিয়নের ২৬টি গ্রাম প্রদক্ষিণ করে বিশাল শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন ষোলনল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হালিম।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দুই শতাধিক মোটরসাইকেল এবং দেড় শতাধিক অটোরিকশা-পিকআপ নিয়ে এ শোভাযাত্রা বের করা হয়। ইউনিয়নের বিভিন্ন সড়ক ও জনপদ ঘুরে শোভাযাত্রাটি ২৬টি গ্রামে গণসংযোগ করে।

 

এ সময় ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হালিম ও তাঁর কর্মী-সমর্থকরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁর পক্ষে লিফলেট বিতরণ করে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

শোভাযাত্রাকে ঘিরে বিভিন্ন এলাকায় উৎসুক মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পথের দুই পাশে দাঁড়িয়ে অনেকে শোভাযাত্রা দেখেন। নেতাকর্মী-সমর্থকদের স্লোগান ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ইউনিয়নে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।

ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হালিম বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন বিএনপির নেতা। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট হল শাখার সাবেক সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা প্রাক্তন ছাত্রদল ফাউন্ডেশনের সাবেক যুগ্ম আহ্বায়ক।

জনসেবায় নিজেকে সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করে ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হালিম বলেন, তিনি ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও পরিবর্তনে ভূমিকা রাখাই তাঁর লক্ষ্য।

তিনি বলেন, “চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে অবহেলিত ষোলনলকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বশক্তি দিয়ে কাজ করব। এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতাই হবে আমার কাজের মূল শক্তি।”

তিনি আরও বলেন, ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হালিম বলেন, “মাদক একটি পরিবারকে যেমন ধ্বংস করে, তেমনি একটি সমাজকেও পিছিয়ে দেয়। তাই ষোলনলকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। যে কোনো মূল্যে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলার চেষ্টা থাকবে।”

চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হালিমের নির্বাচনী শোডাউন ও পথসভায় উপস্থিত ছিলেন ষোলনল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আঃ খালেক, ওয়ার্ড বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম, বিএনপি নেতা মোঃ সাদেকুর রহমান, ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাশেদুল হক, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, যুবদলের যুগ্ম সম্পাদক আদনান বাবু, যুবদল নেতা ফারুক আহমেদ, রবিউল আলম সুমন, মাসুদুর রহমান, বিএনপি নেতা ইউনুস মিয়া, যুবদল নেতা আঃ রাজ্জাক প্রমুখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *