
লাকসামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু !
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে চাচাত ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাকসাম পৌর এলাকার মিশ্রি গ্রামে এ ঘটনা ঘটে।
দুই শিশু হলো-কুমিল্লা আদালতের আইনজীবী শামসুল হকের মেয়ে ফাতেমা আক্তার (৩) এবং তার বড়ভাই দুবাই প্রবাসী নাসির উদ্দিনের ছেলে সুফিয়ান (আড়াই বছর)।
স্থানীয়রা জানান, পৌর এলাকার মিশ্রি উত্তর পাড়া নিজ বাড়ির পুকুরপাড়ে দুই শিশু খেলাধুলা কর ছিল। সন্ধ্যা ঘনিয়ে এলে বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাদের পায়ের স্যান্ডেল পুকুরে ভাসতে দেখে স্বজনরা। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার ওসি কামরুন্নাহার লাইলি বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।