
কুমিল্লায় গড়ে তোলা হবে স্যাটেলাইট সিটি-এডুকেশন সিটিঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী
মোস্তফা কামাল মজুমদার, লালমাইঃ
বিকল্প সড়কের এলাইনমেন্ট ও AHK স্যাটেলাইট সিটি-এডুকেশন সিটির ধারণাপত্র উপস্থাপন ঢাকা-কুমিল্লা মহাসড়কের ওপর ক্রমবর্ধমান যানবাহনের চাপ কমানো এবং কুমিল্লার পরিকল্পিত নগরায়ণ ও শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে বিকল্প প্রস্তাবিত সড়কের এলাইনমেন্ট এবং কোটবাড়ীতে AHK স্যাটেলাইট সিটি-এডুকেশন সিটি গড়ে তোলার ধারণাপত্র নিয়ে ভিজ্যুয়াল উপস্থাপনা সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় কুমিল্লার কুলিয়া টাউন হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
কুমিল্লা বাঁচাও মঞ্চ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাবি-র। সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
তিনি ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড়কের সম্ভাব্য এলাইনমেন্ট এবং কোটবাড়ীকে কেন্দ্র করে স্যাটেলাইট সিটি-এডুকেশন সিটি গড়ে তোলার পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
আয়োজকদের মতে, কুমিল্লার দীর্ঘমেয়াদি নগর উন্নয়ন, যানজট নিরসন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষা ও গবেষণাকেন্দ্রিক পরিকল্পিত নগর গড়ে তোলার ক্ষেত্রে এসব প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে কোটবাড়ী এলাকায় শিক্ষা ও ঐতিহ্যের পাশাপাশি আধুনিক নগর সুবিধা সমন্বিত করে একটি পরিকল্পিত স্যাটেলাইট সিটি গড়ে তোলা গেলে কুমিল্লার নগর সম্প্রসারণের চাপ কমানোর পাশাপাশি নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সেমিনারে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে।