
বুড়িচংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে
জশনে জুলুস ও মিলাদ মাহফিল
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ‘আহলান সাহলান—১২ রবিউল আউয়াল’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বুড়িচং উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আবুল বাশার।
অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম ভূইয়া ও প্রভাষক কাজী মো. আল ইমরান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানজিবুর রহমান শুভ ও নাছির।
এ সময় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কুমিল্লা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. জাহাঙ্গীর আলম জাবির, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা মুমিনুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, মাওলানা ইমদাদুল হক, হাফেজ মাওলানা মোশাররফ হোসেন, হাফেজ আবদুর রহিমসহ স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর অনুপম আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা মহানবী (সা.)-এর দেখানো পথে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। জুলুসটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।