
মহেশপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা-প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
সুমন হোসাইন, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের আত্মহত্যার ঘটনার বিচার এবং এতে প্ররোচনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
আজ রোববার সকালে মহেশপুর উপজেলা পরিষদের সামনের সড়কে মৃতের স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া প্রবীন ও তরুণ বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলার পোস্ট অফিস পাড়ার একটি বিউটি পার্লারের মালিক তানিয়া কলেজছাত্র হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
একপর্যায়ে তিনি প্রতারণার আশ্রয় নিয়ে হাসানের কাছ থেকে বিভিন্ন সময়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেন।
তানিয়ার এই মানসিক নির্যাতন ও প্রতারণার শিকার হয়ে গত ১৩ আগস্ট আত্মহত্যা করতে বাধ্য হন হাসান।
কর্মসূচিতে ব্যানার ও ফেস্টুন হাতে স্বজন এবং সহপাঠীরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন নিহত হাসানের পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও সহপাঠীরা। বক্তারা দ্রুত অভিযুক্ত তানিয়াকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তানিয়ার সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মহেশপুর থানা-পুলিশ জানায়, ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।